ইভ্যালি চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব স্থগিত
ডিজিটাল বাণিজ্যিক তথা ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের পরিচালিত সব ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার বিএফআইইউ থেকে সব ব্যাংককে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।
বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান জানিয়েছেন, নিয়মিত কাজের অংশ হিসেবে ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে।
বিএফআইইউ’র চিঠিতে তাদের নামে থাকা সব হিসাব আগামী ৩০ দিন স্থগিত রাখতে বলা হয়েছে। অস্বাভাবিক ক্যাশব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তাদের কার্যক্রম খতিয়ে দেখার কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
এরইমধ্যে ইভ্যালির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলেছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা বিএফআইইউ।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে এফটিএ অনুবিভাগের যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি কাজও শুরু করে দিয়েছে।